02/07/2026
বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাসে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাসকে ঘিরে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে এক প্রাণবন্ত আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কর্মীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, একতাবদ্ধতা ও প্রতিষ্ঠানের প্রতি নিবেদন বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রধান শাখা এবং ঢাকাস্থ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক জনাব মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব শেখ ইয়ামিন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংকের প্রশাসক মহোদয়কে সহায়তা প্রদানকারী বাংলাদেশ ব্যাংক টিমের সদস্য যথাক্রমে ডক্টর সুমন্ত কুমার সাহা,অতিরিক্ত পরিচালক; জনাব মোঃ ইনামুল হক, অতিরিক্ত পরিচালক ও জনাব রাসেল মাহমুদ, যুগ্ম পরিচালক। উক্ত আয়োজনে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন শাখার সম্মানিত ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন। ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
ম্যাচজুড়ে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য এবং দর্শকদের প্রাণবন্ত উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জনাব মামুনুর রহমান।
আয়োজনটি অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, দলীয় চেতনা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
#