27/09/2026
🇧🇩 প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার নতুন দিগন্ত 🇩🇰
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, বর্ণমালা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির চর্চা এবং তাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেনের সম্মানিত চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব তন্ময় মজুমদার।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ,পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স উইং-এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের সভাপতি জনাব ওমর ফারুক, সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন সুমন , উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব রফিকুল ইসলাম ও জনাব এতেশাম রেজা সেতুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করেন।
অনুষ্ঠানটি কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন-এর সঞ্চালনায় সুন্দর ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।
প্রবাসের মাটিতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা শুধু শিশুদের বাংলা বর্ণমালা শেখানোর উদ্যোগ নয়; এটি আমাদের মাতৃভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। ডেনমার্কে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন বাংলা ভাষায় কথা বলতে পারে, পড়তে ও লিখতে পারে এবং নিজেদের সাংস্কৃতিক শিকড় ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে জানতে পারে—‘বাংলা বর্ণমালা স্কুল’ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের এই মহতী উদ্যোগ প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
বাংলা ভাষা হোক প্রজন্মের বন্ধন,
বাংলা সংস্কৃতি হোক আমাদের পরিচয়ের গর্ব।
‘বাংলা বর্ণমালা স্কুল’-এর পথচলা সফল ও সুন্দর হোক।
বাংলা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে—
প্রবাসের মাটিতেও গর্বের সঙ্গে উচ্চারিত হোক আমাদের মাতৃভাষা বাংলা।