22/06/2020
(২০১৫ সালের লেখা)
এই লেখাটা তাদের জন্য, যারা পেশাদার ব্যবসায়ী হতে ইচ্ছুক
মাইম সৈকত
পেশাদার ব্যবসায়ী আবার কি জিনিস?
পেশা হিসেবে যাদের একমাত্র লক্ষ্য থাকে 'বানিজ্য'। যারা কোন অবস্থাতেই চাকরি করার চিন্তা করে না। এই প্রজাতির ব্যক্তিরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসে গেলেও আবার ব্যবসা করেই ঘুরে দাঁড়াবে।
কিভাবে 'ব্যবসায়ী' হতে হয় ?
আমাদের দেশে, 'ব্যবসায়ী' হতে আগ্রহী দুই তৃতীয়াংশ তরুণ পথ পরিক্রমা সম্পর্কে ভুল ধারণা পোষণ করে।
বিনিয়োগ করলেই 'ব্যবসায়ী' হওয়া যায় না।
'বিনিয়োগকারী' ও 'ব্যবসায়ী' এই দুইয়ের মাঝে বিস্তর ফারাক।
বানিজ্য বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করে কখনোই 'ব্যবসায়ী' হওয়া সম্ভব না। ইহা পুরোপুরি ব্যবহারিক বিষয়। শ্রেণি কক্ষে বসে 'ব্যবসায়ী' হওয়া অসম্ভব।
আপনি ব্যবসা করতে চাচ্ছেন ?
পেশাদার ব্যবসায়ী হওয়া একমাত্র লক্ষ্য ?
আপনি নিশ্চয়ই সর্বাগ্রে পুঁজি জোগাতে ব্যস্ত হয়ে উঠেছেন !
মজার ব্যাপার হল, ব্যবসায়ী হয়ে ওঠার যাত্রায় পুঁজি সংগ্রহ করার আগে 'মহাগুরুত্বপূর্ণ' দুটি ধাপ রয়ে গেছে।
আজকের আলোচ্য বিষয় এই দুই 'মহাগুরুত্বপূর্ণ' ধাপ।
নিঃসংকোচ/নির্লজ্জ/বেহায়া -
এটা 'ফরজ'। সর্বাগ্রে প্রয়োজন যোগ্যতা।
আপনাকে 'নির্লজ্জ' হতেই হবে।
ব্যবসায়ীদের সংকোচ থাকতে নেই।
একজন ব্যবসায়ী কোন অবস্থাতেই লোকে কী বলল তা নিয়ে মাথা ঘামায় না।
আপনি ব্যবসায়ী হতে চাইলে 'সংকোচ' শব্দটা আপনার ব্যক্তিত্ব থেকে সবার আগে ঝেড়ে ফেলতে হবে।
'অমুকে কী বলবে' - যতক্ষণ পর্যন্ত এই ভাবনা উদয় হবে,
ততক্ষণ পর্যন্ত ব্যবসায়ীক পথে পা না বাড়ানোই ভাল।
সংকোচকারীদের জন্য 'বানিজ্য' নয়, তাদের জন্য 'চাকরি' । চাকরিক্ষেত্রে সংকোচকারী ব্যক্তিই অধিক উপযুক্ত।
কারণ, এমন ব্যক্তি অপরের ভাবনা গুরুত্ব দিয়ে মুখ বুজে নির্দেশ পালন করে যাবে।
কিন্তু 'ব্যবসা' তাদের জন্য,
পথ চলার শুরুতে সমাজ যাদের 'বেহায়া' আখ্যা দেবে।
ব্যবসায়ী হয়ে ওঠার মত উপযুক্ত 'বেহায়া' হতে পেরেছেন কি না,
তা নিশ্চিত হওয়ার সহজ পথ হল -
আপনার ব্যবসায়ীক উদ্যোগ যত বড় হোক না কেন,
শুরু করার আগে অন্তত এক মাসের জন্য নিজের পরিচিত এলাকাতে পথের ধারে যে কোন পসরা নিয়ে বসুন।
লোকে কিছুদিন আপনার 'স্ট্যাটাস' নিয়ে প্রশ্ন তুলুক।
কিছুদিন আপনাকে উপহাস করুক।
যখন দেখবেন, লোকজন আপনার সাথে গন্ডারের চামড়ার বিশেষ মিল খুঁজে পাচ্ছে -
আপনি প্রস্তুত !!!
ব্যবসা শেখা -
লাফ দিয়ে দশ/বিশ লাখ টাকা বিনিয়োগ করে 'ব্যবসায়ী' বনে যাওয়া কোন বুদ্ধিমানের কাজ নয়।
ব্যবসা শিখতে হয়। হোঁচট খেয়ে শিখতে হবে।
'ব্যবসা' শেখাটা সাইকেল চালানো শেখার মতো।
আপনাকে হোঁচট খেতে হবে, আছাড় খেতে হবে,
হোঁচট খেয়ে ব্যথা পেতে হবে ।
শত শত বই পড়ে অর্জিত জ্ঞান ও তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও ,
প্রকৃত ব্যবসায়ী হতে হলে ক্ষতির সম্মুখীন হতেই হবে।
আপনি যত দামী সাইকেল ব্যবহার করে চালনা শিখবেন,
তত বেশী মূল্য দিতে হবে ।
একই ভাবে, যত বেশী পুজিঁ নিয়ে ব্যবসায়ীক জীবন শুরু করবেন, ব্যবসা শিখতে শিখতে তত বেশী পরিমাণ টাকা ক্ষতি হবে।
একজন প্রকৃত ব্যবসায়ী সবসময়ই চাইবে শূন্য পুঁজি নিয়ে শুরু করতে এবং ব্যবসা থেকেই পুঁজি বানিয়ে নিতে ।
সবার পক্ষে তা সম্ভব হয় না ।
তবুও অন্তত, সামর্থ্যের তিন ভাগের এক ভাগ টাকা নিয়ে শুরু করা উচিত, এর বেশি নয় ।
অর্থ্যাৎ যদি আপনার তিন লাখ টাকার যোগান থাকে,
সর্বোচ্চ এক লাখ টাকা বিনিয়োগ করে শুরু করুন।
এবং কোন অবস্থাতেই প্রথম বছরে বিনিয়োগের পরিমাণ বাড়ানো যাবে না ।
কারণ,
প্রথম এক বছরে আপনি অনেক কিছু শিখবেন,
বাস্তবতা উপলব্ধি করবেন।
অনেক ভুল করবেন, ভুলের মাশুল স্বরূপ আপনার পুঁজি নষ্ট হবে।
দ্বিতীয় বছরে নতুন লক্ষ্যমাত্রা স্থির করতে হবে,
প্রথম বছরের শিক্ষা আপনাকে বিনিয়োগ করতে সাবধানী করে তুলবে।
দ্বিতীয় বছরেও একই হিসাবে বিনিয়োগ করতে হবে।
অর্থ্যাৎ, সামর্থ্যের তিন ভাগের এক ভাগ ।
হতে পারে দ্বিতীয় বছরেও অনেক ভুল হল,
অনেক হিসাব পাল্টে গেল, ফলস্বরূপ আবারো পুঁজি ক্ষয় !
কিন্তু এভাবেই আপনার মেরুদন্ড শক্ত হয়ে উঠবে এবং এটাই সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ ।
এভাবে আপনি হোঁচট খাবেন,
আপনার পথ চলা কঠিন হয়ে পড়বে,
কিন্তু একবারে কোমড় ভেঙে পঙ্গু হয়ে পড়বেন না।
অনেকেই এই মারাত্মক ভুল করে থাকে,
ধারদেনা করে হলেও সামর্থ্যের চেয়ে যথাসম্ভব বেশি পুঁজি নিয়ে শুরু করে।
এভাবে এক সময়ে কোমড়টাই ভেঙে যায়।
আপনার পুঁজি ও আইডিয়া কখনোই সর্বাধিক গুরুত্বপূর্ণ নয়।
আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 'পুঁজি' আপনি নিজেই !
নিজেকে গড়ে তুলতে হবে।
ক্ষুদ্র অবস্থান থেকে পরিশ্রম করে নিজের পারদর্শিতার উন্নতি করতে হবে।
একবারে লাখ লাখ টাকা বিনিয়োগ করে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বড় চেয়ার নিয়ে বসে গেলেই 'প্রকৃত ব্যবসায়ী' হওয়া যায় না।
মনে রাখবেন,
একজন প্রকৃত ব্যবসায়ী কখনো বিনিয়োগের অভাবে থমকে দাঁড়ায় না।
লেখক: কর্ণধার দি সৈকত ট্রেডিং কোম্পানি ও তরুণ উদ্দোক্তা।