20/08/2026
বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অর্থনীতির বিকাশ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৯ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম, এফসিএস এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের ফলে দেশের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও পল্লী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজতর অর্থায়নের সুযোগ পাবেন এবং দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়ন আরও বেগবান হবে।