07/01/2026
আকাশের শর্তাবলি
তুমি উড়ছো—
আমি আর থামানোর ভাষা খুঁজি না।
ভালোবাসা আজ
খাঁচা থেকে
খোলা আকাশে রূপান্তরিত।
ডানা মানে স্বাধীনতা নয়,
ডানা মানে
ফিরে আসার গল্প ঝরে পড়া।
আকাশ বিস্তৃত—
আলো আছে, হাওয়া আছে,
কিন্তু সেখানে
কারো নাম ধরে ডাকার শব্দ নেই।
সন্ধ্যা নামলে
মেঘেরা ভারী হয়,
পাখিরা নিজ নিজ নীরবতায় আশ্রয় খোঁজে।
স্বাধীনতা মধুর,
তবু তার স্বাদে
একফোঁটা নোনা স্মৃতি।
আমি তোমাকে ছাড়িনি—
আমি শুধু মেনে নিয়েছি।
আকাশে মুক্তি আছে,
কিন্তু আশ্রয় নেই।
শাহ্ মুহাম্মাদ জাহাঙ্গীর
০৭/০১/২০২৫
ফরিদপুর