07/01/2026
শেয়ারবাজারে আস্থা বাড়াতে ১০টি সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ
দীর্ঘদিনের ভালো শেয়ারের খরা কাটাতে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ১০টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার (০৭ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকে আমন্ত্রিত কোম্পানিগুলোর তালিকায় রয়েছে—কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড। এসব কোম্পানিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুরোধ জানানো হবে।