12/07/2026
সূচক বাড়লে কি শেয়ারবাজার উন্নত হয়?
কয়েক মাস শেয়ারের দাম বাড়লে আমরা শুনি, "শেয়ারবাজার পরিবর্তন হয়েছে"; "আস্থা ফিরে এসেছে"; "বাজার এখন ভালো"।
কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে আমি জানতে চাই, সূচক (DSEX) বাড়া আর একটি দেশের পুঁজিবাজারের সত্যিকারের উন্নতি কি একই বিষয়?
আমার মতে, তা নয়।
বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে বহুবার ঘটেছে, কিছু শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে পরে ধসে পড়েছে। কিছু কোম্পানির আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাজার কারসাজি আর দুর্বল করপোরেট গভর্ন্যান্সের অভিযোগ বিনিয়োগকারীদের আস্থায় বড় টানাপড়েন তৈরি করেছে।
আরো একটি বিষয় আমাকে ভাবায়।
আমাদের পুঁজিবাজার কি দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করছে, নাকি স্বল্পমেয়াদি ট্রেডিংকে?
অনেক সময় মনে হয়, একটি ভালো কোম্পানির প্রকৃত মূল্যায়নের চেয়ে দৈনিক দাম বাড়া এবং কমার ব্যাপারটা, গুজব, স্বল্পমেয়াদি লাভের মানসিকতা আর দ্রুত ট্রেডিংই বেশি গুরুত্ব পাচ্ছে।
কিন্তু একটি দেশের পুঁজিবাজারের মূল উদ্দেশ্য হওয়া উচিত,
✔️ দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ করা।
✔️ ভালো কোম্পানিগুলোর জন্য মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করা।
✔️ বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও তথ্যভিত্তিক বাজার নিশ্চিত করা।
✔️ সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।
যদি একটি বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর চেয়ে স্বল্পমেয়াদি জল্পনার পরিবেশ বেশি শক্তিশালী হয়, তাহলে সেই বাজারের টেকসই উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আমার কাছে প্রকৃত উন্নতি মানে শুধু সূচক বৃদ্ধি নয়।
প্রকৃত উন্নতি তখনই হবে, যখন,
আর্থিক প্রতিবেদনের ওপর বিনিয়োগকারীদের পূর্ণ আস্থা থাকবে।
কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করবে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগকে নীতিগতভাবে উৎসাহিত করা হবে।
সূচক বাড়তে পারে কয়েক মাসে। কিন্তু আস্থা, স্বচ্ছতা ও একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে লাগে অনেক বছর।
এটি আমার ব্যক্তিগত মতামত। আপনার কী মনে হয়?