City Alo

City Alo City Alo is the dedicated women banking division of City Bank.

At City Alo, we want to empower women by giving them financial assistance and support to expand their business or better manage their personal necessities with a reimagined banking experience.

কোটেশন: ডলি পার্টন
27/08/2026

কোটেশন: ডলি পার্টন

সিটি আলো ডিসা ডেবিট ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডে পার্লারে উপভোগ করুন ২৫% পর্যন্ত সাশ্রয়। কার্ডটি নিতে আজই অ্যাপ্...
27/08/2026

সিটি আলো ডিসা ডেবিট ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডে পার্লারে উপভোগ করুন ২৫% পর্যন্ত সাশ্রয়। কার্ডটি নিতে আজই অ্যাপ্লাই করুন!

*শর্ত প্রযোজ্য।

ডলি পার্টন: রাইনস্টোনে মোড়ানো এক কালজয়ী প্রতিভাটেনেসির গ্রেট স্মোকি পর্বতের কোলে বেড়ে ওঠা এক সাধারণ মেয়ে যে একদিন গোট...
26/08/2026

ডলি পার্টন: রাইনস্টোনে মোড়ানো এক কালজয়ী প্রতিভা

টেনেসির গ্রেট স্মোকি পর্বতের কোলে বেড়ে ওঠা এক সাধারণ মেয়ে যে একদিন গোটা বিশ্বের কান্ট্রি মিউজিকের রানি হয়ে উঠবেন, তা হয়ত কেউ ভাবেনি। সেই মেয়েটিই ডলি পার্টন—গায়িকা, গীতিকার, অভিনেত্রী, ব্যবসায়ী ও মানবহিতৈষী হিসাবে যিনি কয়েক দশক ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন। ৮০ বছর বয়সে গত ২৫ আগস্ট তার মৃত্যুতে শোক নেমে এসেছে বিশ্বজুড়ে।

ডলির মৃত্যুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রজুড়ে এক সপ্তাহের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

অ্যাপালেচিয়ার মেয়ে

ডলি পার্টনের জন্ম ১৯ জানুয়ারি ১৯৪৬ সালে। বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিস্তৃত অ্যাপালেচিয়ান পর্বতমালার কোলে, টেনেসি অঙ্গরাজ্যের সেভিয়ার কাউন্টির লোকাস্ট রিজ নামের ছোট্ট এক জনপদে। অ্যাপালেচিয়া নিউ ইয়র্ক থেকে জর্জিয়া পর্যন্ত বিস্তৃত একটি বিশাল পার্বত্য অঞ্চল।

ঐতিহাসিকভাবে এই অঞ্চল দারিদ্র্য ও প্রত্যন্ততার জন্য পরিচিত হলেও এর নিজস্ব সংগীত, ভাষা ও লোকজ সংস্কৃতিরও দীর্ঘ ঐতিহ্য আছে। ডলির পরিবার প্রজন্মের পর প্রজন্ম এই এলাকায় বসবাস করেছে। সেই পরিবেশের লোকজ সুর, গল্প বলার ঐতিহ্য এবং পাহাড়ি জীবনের অভিজ্ঞতা তার সংগীতের ভিত গড়ে দিয়েছিল।

২০০২ সালে এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শৈশবে বিদ্যুৎ না থাকার কথা বলেছিলেন। সেই জীবন থেকে কীভাবে তিনি বিশ্বের অন্যতম পরিচিত তারকা হয়ে উঠেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন। "Tennessee Mountain Home"-এর মত গানে তিনি গভীর মমতায় নিজের পাহাড়ি শৈশবকে তুলে ধরেছেন।

গানের মধ্যেই বেড়ে ওঠা

১৯৪৬ সালে টেনেসিতে জন্ম নেওয়া ডলি ছিলেন ১২ ভাইবোনের মধ্যে চতুর্থ। রেডিওতে গ্র্যান্ড ওলে অপ্রি শুনতে শুনতেই তিনি ও তার ভাইবোনেরা বড় হয়েছেন। পরিবারেও গান গাওয়া ও গল্প বলার একটা দীর্ঘ ঐতিহ্য ছিল। ছোটবেলা থেকেই সুর ও ছন্দের প্রতি তার সহজাত টান ছিল।

তবে ডলি শুধু কান্ট্রি মিউজিকেই সীমাবদ্ধ থাকেননি। পপ সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন ও ব্যবসা—সব ক্ষেত্রেই তিনি সাফল্যের ছাপ রেখেছেন। ছয় দশকের বেশি সময় ধরে বিশ্বজুড়ে তার সংগীতের প্রভাব ছিল। ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় একের পর এক অ্যারেনা ও স্টেডিয়ামে কনসার্ট করেছেন তিনি।

এক অসামান্য প্রতিভা

ডলি পার্টন শুধু একজন গায়িকা ছিলেন না, ছিলেন অসাধারণ এক গীতিকারও। তার সবচেয়ে পরিচিত দুটি গান—"জোলিন" এবং "আই উইল অলওয়েজ লাভ ইউ"—তিনি ১৯৭৩ সালের একই দিনে লিখেছিলেন। গান দুটির বিষয়ও ছিল আলাদা: "জোলিন" ছিল স্বামীকে অন্য নারীর কাছে হারানোর আশঙ্কা নিয়ে, আর "আই উইল অলওয়েজ লাভ ইউ" ছিল পেশাগত বিচ্ছেদের বেদনা থেকে লেখা।

"কোট অব মেনি কালার্স" গানে তিনি নিজের শৈশবের দারিদ্র্যের কথা তুলে ধরেছিলেন। অভাবের সেই অভিজ্ঞতাকে তিনি এমন ব্যক্তিগত ও কোমলভাবে গানে রূপ দিয়েছিলেন যে এটি তার অন্যতম পরিচিত ও আবেগঘন রচনা হয়ে আছে। আর "নাইন টু ফাইভ" গানে কর্মক্ষেত্রে নারীদের বৈষম্য ও বঞ্চনার বিষয়কে সহজ, প্রাণবন্ত সুরের মাধ্যমে সামনে এনেছিলেন।

সংগীতে ডলি পার্টনের অর্জনের তালিকাও দীর্ঘ। তিনি ৯টি গ্র্যামি অ্যাওয়ার্ড, ১০টি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, ৭টি একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড এবং ৩টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি সেই অল্পসংখ্যক নারী শিল্পীর একজন, যিনি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশনের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। ২০২২ সালে তাকে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

"নাইন টু ফাইভ" ও "স্টিল ম্যাগনোলিয়াস"-এর মত সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসা পেয়েছেন। ব্যবসায়ও তার সাফল্য ছিল আলাদা। ডলিউড থিম পার্ককে তিনি পূর্ব টেনেসিয়ার অন্যতম বড় পর্যটনকেন্দ্রে পরিণত করেন, যা স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একজন পাঠক ডলি

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বছরে প্রায় পঞ্চাশটি বই পড়েন তিনি। জন স্টাইনবেকের লেখা তার বিশেষ পছন্দের ছিল। "দ্য গ্রেইপস অফ র‍্যাথ" বইটি তিনি দুই-তিনবার পড়েছেন বলে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। মহামন্দার সময়ে দরিদ্র পরিবারের সংগ্রামের গল্পের সাথে তার নিজের শৈশবের দারিদ্র্যের এক নীরব যোগসূত্র ছিল।

আলেকজান্দারর দ্যুমার "দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো", লি স্মিথের "ওরাল হিস্টরি"—এসব বইও তিনি বারবার প্রসঙ্গে এনেছেন। জেনা বুশ হেগারের সঙ্গে এক আলাপচারিতায় বলেছিলেন, নির্জন এক দ্বীপে যদি একটি মাত্র বই সঙ্গে নিতে দেওয়া হয়, তিনি সাথে নেবেন বাইবেল।

বুক লেডি ডলি

ডলির সবচেয়ে হৃদয়স্পর্শী কাজ সম্ভবত তার সংগীত বা সিনেমার চেয়েও বড়। ১৯৯৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইমাজিনেশন লাইব্রেরি। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে বই পাঠানোর একটি কর্মসূচি। এই উদ্যোগের পেছনে ছিল একেবারে ব্যক্তিগত একটি বেদনা।

ডলির বাবা লি পার্টন কখনও পড়তে বা লিখতে শেখেননি। ডলি বলেছিলেন, তার বাবা ছিলেন তার দেখা সবচেয়ে বুদ্ধিমান মানুষ, কিন্তু পড়তে না জানার কারণে বাবার জীবনের অনেক স্বপ্নই অপূর্ণ থেকে গিয়েছিল। এই কষ্টই তাকে তাড়িত করেছিল, তিনি চাননি টেনেসির আর কোনো শিশু এই সুযোগ থেকে বঞ্চিত হোক।

ছোট পরিসরে শুরু হওয়া এই কর্মসূচি আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৩০ কোটিরও বেশি বই বিনামূল্যে পৌঁছে গেছে শিশুদের হাতে। ২০১৮ সালে ইমাজিনেশন লাইব্রেরি যখন তার ১০ কোটিতম বইটি পাঠায়, তখন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেস এই কর্মসূচিকে বিশেষ সম্মাননা জানায়। শিশুরা তাকে আদর করে ডাকত "বুক লেডি"।

যেমন মানুষ ছিলেন তিনি

ডলি পার্টনের ব্যক্তিত্বে এক আশ্চর্য উষ্ণতা ছিল। নিজেকে নিয়ে হাসতে দ্বিধা করতেন না। তার বুদ্ধিমত্তা প্রকাশ পেত তার গান লেখার ধরনে—সহজ শব্দে গভীর কথা বলার এক অসাধারণ ক্ষমতা ছিল তার।

ন্যাশভিলের অনেকেই এক সময় তার উচ্চাকাঙ্ক্ষাকে কান্ট্রি মিউজিকের ঐতিহ্যের প্রতি বিশ্বাসঘাতকতা মনে করতেন। তাকে মামলা আর হুমকির মুখেও পড়তে হয়েছিল, মঞ্চে প্রায় ভেঙে পড়েছিলেন একবার, বিষণ্নতার সঙ্গেও লড়েছেন গোপনে। কিন্তু তিনি হার মানেননি।

তারকাখ্যাতির চাকচিক্যে ভেসে যাননি তিনি, বরং ভাল মানুষ হওয়াটাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন। কোভিড মহামারির সময় ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ১০ লাখ ডলার দান করেছিলেন, যা মডার্নার ভ্যাকসিন গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেই। নিজে ভ্যাকসিন নেওয়ার সময় মজা করে বলেছিলেন, তিনি নিজের ওষুধের এক ডোজ নিচ্ছেন।

১৯৬৬ সালে বিয়ে করেছিলেন কার্ল ডিনকে। প্রায় ষাট বছরের এই দাম্পত্যজীবন প্রচারের আলো থেকে বহুদূরে, নিভৃতে কাটিয়েছেন তারা। ২০২৫ সালের মার্চে কার্লের মৃত্যুর পর ডলি বলেছিলেন, নিজেকে "আত্মিক, মানসিক আর শারীরিকভাবে" নতুন করে গড়ে তুলতে সময় নিচ্ছেন তিনি।

শোবিজকে যেভাবে দেখতেন তিনি

শোবিজ নিয়ে ডলি পার্টনের দৃষ্টিভঙ্গি ছিল বেশ বাস্তববাদী আর আত্মসচেতন। তার নিজের ভাষায়, “শো বিজনেস ইজ আ বিগ ফেক... সো আই চুজ টু ডু দ্য ফেক পার্ট ইন আ জয়ফুল ওয়ে”—অর্থাৎ, শোবিজ যেহেতু ভান-ভনিতার জায়গা, তিনি সেই ভানটুকু আনন্দের সঙ্গেই পালন করতে চেয়েছেন।

তার বিখ্যাত উক্তি—"আমাকে দেখতে পুরোপুরি কৃত্রিম লাগে, কিন্তু আমি একজন লেখক, পেশাদার আর মানুষ হিসেবে পুরোপুরি সত্যি।" নিজের চেহারা বা স্টাইল নিয়ে হাসিঠাট্টা করতে দ্বিধা করতেন না।

তিনি বলতেন, নিজের কাজ নিজেই দেখভাল না করলে অন্যরা এর লাভ নিতে থাকবে। মাত্র বিশ বছর বয়সে নিজের গানের স্বত্ব ধরে রাখতে নিজস্ব পাবলিশিং কোম্পানি খুলে ফেলেছিলেন। তিনি বলতেন, "আমি অন্যদের গান নিয়ে মাথা ঘামাই না, নিজেরটা তৈরি করতেই ব্যস্ত থাকি।"

শেষ দিনগুলি ও প্রয়াণ

২০২৫ সালের সেপ্টেম্বরে ডলি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, স্বাস্থ্য সমস্যার কারণে তাকে বেশ কিছু চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যদিও ঠিক কী সমস্যা তা তিনি স্পষ্ট করেননি। মে মাসে লাস ভেগাসে একটি শো বাতিল করেন তিনি, জানান বছরের পর বছর ধরে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন। মৃত্যুর মাত্র দশ দিন আগে ডলিউডে নতুন একটি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু চিকিৎসকের পরামর্শে ভ্রমণ বাতিল করতে হয় তাকে।

গত শুক্রবার (২১ আগস্ট) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিডনি ও অটোইমিউন সমস্যাজনিত জটিলতার কারণে। মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট-ইনগ্রাম ক্যান্সার সেন্টারে প্রিয়জনদের ঘিরে রেখে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন তিনি। তার প্রতিনিধি জানান, ক্যান্সারের সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ের পর তিনি চলে যান। মৃত্যুর খবর প্রথম জানান তার ভাগ্নে ব্রায়ান সিভার, এক ভিডিও বার্তার মাধ্যমে। এই ভিডিওটি তৈরি করার অনুরোধ ডলি নিজেই বছরের পর বছর আগে তাকে করে রেখেছিলেন।

পরিবারের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, “একটি রাইনস্টোনে মোড়ানো জীবন, যা এতটাই উজ্জ্বল ছিল যে গোটা পৃথিবী তা দেখতে পেয়েছে। ডলি চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবেন—তার কালজয়ী গান ও গীতিরচনার মধ্য দিয়ে যেমন, তেমনি তার রসবোধ, উষ্ণতা ও দয়ার মধ্য দিয়েও, যা আমাদের সবাইকে পরিবারের মত অনুভব করিয়েছে।”

পরিবারের পক্ষ থেকে ফুল পাঠানোর বদলে ডলির প্রতিষ্ঠিত ইমাজিনেশন লাইব্রেরিতে অনুদান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

যে ১১টি অর্থনৈতিক বিষয় নারীদের ছোটবেলায় শেখানো হয় নাবেশিরভাগ নারী প্রথমবার সত্যিকার আর্থিক চাপের মুখে পড়েন বিয়ের পর...
25/08/2026

যে ১১টি অর্থনৈতিক বিষয় নারীদের ছোটবেলায় শেখানো হয় না

বেশিরভাগ নারী প্রথমবার সত্যিকার আর্থিক চাপের মুখে পড়েন বিয়ের পর, সম্পর্ক ভাঙার পর, বা স্বামী হারানোর পর। হঠাৎ জানতে হয় ব্যাংক হিসাব কোথায়, বিমার কাগজ কার কাছে, সম্পত্তি কার নামে। এরকম মুহূর্তের অসহায়ত্বগুলি আসে অর্থনৈতিক কিছু অভ্যাস না থাকার কারণে। কারণ কেউ তাকে বলেনি এই বিষয়গুলি কীভাবে সামলাতে হবে।

কিন্তু সেটা এখন বলা যায়।

১. টাকা ও স্বাধীনতার সম্পর্ক

আমরা যখন টাকার কথা তুলি, অনেকেই ভাবেন এটা হিসাবনিকাশের বিষয়। ব্যাংক ব্যালেন্স, বিনিয়োগ, সঞ্চয়। কিন্তু টাকা আসলে স্বাধীনতার বিষয়।

একজন নারীর হাতে নিজের আর্থিক সিদ্ধান্ত থাকলে সে ক্যারিয়ার বেছে নিতে পারে নিজের মত করে। একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে পারে যখন দরকার। ব্যবসা শুরু করতে পারে, বন্ধ করতে পারে, আবার শুরু করতে পারে। বিকল্প থাকলে সাহস থাকে। সাহস থাকলে সিদ্ধান্ত নেওয়া যায়।

উদ্যোক্তা নারীরা এই কথাটা হাড়ে হাড়ে জানেন। ব্যবসার শুরুতে পুঁজি নেই, ব্যাংক লোন পাওয়া কঠিন, পরিবারের সমর্থন অনিশ্চিত—এই পরিস্থিতিতে যারা টিকে যান, তাদের বেশিরভাগের একটা মিল আছে: আগে থেকেই তারা নিজের আর্থিক অবস্থাটা বুঝতেন।

২. পরিবারের আর্থিক তথ্য জানা

অনেক পরিবারে দায়িত্ব ভাগ হয়ে যায়। একজন বিনিয়োগ দেখেন, আরেকজন দৈনন্দিন খরচ সামলান। এই ভাগাভাগিতে সমস্যা নেই। সমস্যা হয় যখন দায়িত্ব ভাগ হতে হতে বোঝাপড়াটাও ভাগ হয়ে যায়।

নিজেকে একটা সহজ প্রশ্ন করুন: পরিবারের হিসাবগুলি কোথায় আছে, সম্পত্তি কার নামে, নমিনি কে—এগুলি কি আপনি জানেন?

না জানলে এখনই জানুন। বিয়ের আগে বা পরে করা চুক্তি থাকলে সেটা পড়ুন। ট্যাক্সের কাগজ, বিমার পলিসি, ব্যাংকের বিবরণী—একটা জায়গায় রাখুন। শুরুতে সব না জানলেও চলবে। অসম্পূর্ণ একটা ছবিও অন্ধকারের চেয়ে অনেক ভাল।

৩. টাকা নিয়ে খোলাখুলি কথা বলা

আমাদের মেয়েবেলায় শেখানো হয়েছে, টাকার কথা মুখে আনা ভদ্রতার বাইরে। বেতন জিজ্ঞাসা করা বেমানান। বিনিয়োগ নিয়ে কথা বলা হয় না, কারণ সেটা "পুরুষের বিষয়"। এই চুপ থাকার অভ্যাস বড় হয়েও থেকে যায়।

অথচ এই চুপ থাকাটাই সবচেয়ে বড় বাধা।

বন্ধুদের সঙ্গে বেতন নিয়ে কথা বলুন। কেউ কীভাবে ব্যবসার পুঁজি জোগাড় করলেন, জিজ্ঞাসা করুন। বিনিয়োগে কোথায় ভুল হল, সেটা খোলাখুলি বলুন। আর্থিক জ্ঞান শুধু বই বা বিশেষজ্ঞের কাছ থেকে আসে না। অনেকটা আসে অন্য নারীর অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানার মাধ্যমে।

৪. অনিশ্চয়তার জন্য পরিকল্পনা

সম্পর্ক ভাঙে। ব্যবসা ডোবে। অসুখ হয়। চাকরি যায়। এই মুহূর্তগুলি বলে দেয়, আর্থিক প্রস্তুতি আসলে কতটা ছিল।

বয়স্ক বাবা-মায়ের জন্য পরিকল্পনা এখনই করুন। জরুরি কাগজপত্র কোথায়, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার হলে কে নেবে—এই কথাগুলি কঠিন, কিন্তু এড়ানোর চেয়ে বলে ফেলা ভাল।

জীবনসঙ্গীর সঙ্গে অবসর নিয়ে কথা বলুন। ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা শুধু মাথায় না রেখে কাগজে কলমে নিয়ে আসুন।

৫. নিজের নামে ক্রেডিট ইতিহাস তৈরি

ব্যাংকে লোনের জন্য গেলে প্রথম যে প্রশ্নটা আসে: আপনার ক্রেডিট হিস্ট্রি কী? অনেক নারী এই প্রশ্নের সামনে আটকে যান, কারণ সব লেনদেন হয়েছে স্বামীর নামে, বাবার নামে, বা সংসারের যৌথ হিসাবে। নিজের নামে কোনো আর্থিক ইতিহাস নেই।

উদ্যোক্তাদের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্যবসার জন্য পুঁজি দরকার হলে, বা কোনো জরুরি মুহূর্তে ঋণ নেওয়ার দরকার পড়লে, নিজের নামে ক্রেডিট ইতিহাস না থাকলে দরজা বন্ধ। এটা গড়তে সময় লাগে, তাই শুরুটা এখনই করুন। নিজের নামে ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড—এটুকু দিয়েই শুরু হয়।

৬. নিজের কাজের মূল্য নির্ধারণ ও দর কষাকষি

একই কাজে একজন পুরুষ যত বেতন পান, একজন নারী প্রায়ই তার কম নেন। এটা শুধু বৈষম্যের গল্প নয়, অভ্যাসেরও। আমাদের শেখানো হয়েছে, যা দেওয়া হয় তা নিয়ে সন্তুষ্ট থাকো, বেশি চাইলে অকৃতজ্ঞ মনে হবে।

কিন্তু বেতনের ফারাকটা সময়ের সঙ্গে বাড়তে থাকে। আজকের পাঁচ হাজার টাকার পার্থক্য দশ বছরে হয়ে যায় বিশাল একটা অঙ্ক, যদি সঞ্চয় ও বিনিয়োগ ধরেন। চাকরির বাজারে বা নিজের ব্যবসায় নিজের কাজের মূল্য নির্ধারণ করতে শিখুন। দর কষাকষি করুন। এটা লোভ নয়, এটা নিজের প্রাপ্যটা বোঝা।

৭. ব্যক্তিগত ও ব্যবসার হিসাব আলাদা রাখা

অনেক উদ্যোক্তা নারী ব্যবসার আয় সরাসরি নিজের হিসাবে ঢালেন, খরচও সেখান থেকেই করেন। শুরুতে সুবিধাজনক মনে হয়, কিন্তু এটা পরে বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

ব্যবসা আসলে কতটা লাভজনক, সেটা বোঝা যায় না। ট্যাক্স হিসাব জটিল হয়ে পড়ে। বিনিয়োগকারী বা ব্যাংক যদি কখনও হিসাব দেখতে চায়, পরিষ্কার কিছু দেখানোর উপায় থাকে না। ব্যবসার জন্য আলাদা একটা ব্যাংক হিসাব খুলুন। ব্যবসার আয় সেখানে যাক, খরচও সেখান থেকেই হোক। এই একটা অভ্যাস অনেক ঝামেলা থেকে বাঁচায়।

৮. নিজের নামে বিমা রাখা

স্বাস্থ্য বিমা অনেক পরিবারে থাকে স্বামী বা পরিবারপ্রধানের নামে, বাকি সদস্যরা সেই কভারেজের আওতায় পড়েন। এতে সমস্যা নেই, যদি পরিস্থিতি না বদলায়। কিন্তু সম্পর্ক ভাঙলে, বা স্বামী মারা গেলে, বা চাকরি পরিবর্তন হলে—হঠাৎ কভারেজ নেই।

উদ্যোক্তাদের জন্য বিষয়টা আরো সরাসরি ঘটে। কর্পোরেট চাকরিতে যে স্বাস্থ্য বিমা অটোমেটিক পাওয়া যায়, নিজের ব্যবসায় সেটা নিজেকেই করতে হয়। অনেকে এটা এড়িয়ে যান খরচ বাঁচাতে। কিন্তু একটা বড় অসুখ বা দুর্ঘটনা বিমা ছাড়া পুরো ব্যবসাকে টলিয়ে দিতে পারে। নিজের নামে একটা স্বাস্থ্য বিমা রাখুন। জীবন বিমাও।

৯. জরুরি তহবিল গড়ে তোলা

সেভিংস আর জরুরি তহবিল এক জিনিস নয়। সেভিংস হয়ত কোনো লক্ষ্যের জন্য জমানো—বাড়ি কেনা, বিয়ে, ব্যবসা সম্প্রসারণ। কিন্তু জরুরি তহবিল অন্য কাজে লাগে। চাকরি হঠাৎ চলে গেলে, ব্যবসায় কয়েক মাস আয় বন্ধ থাকলে, বা কোনো দুর্ঘটনায় হঠাৎ বড় খরচ এসে পড়লে—তখন এই টাকাটাই ভরসা।

অনেকে মনে করেন জরুরি তহবিল মানে অনেক টাকা জমানো, তাই শুরুই করা হয় না। আসলে দরকার অন্তত তিন থেকে ছয় মাসের সংসার খরচ চালানোর মত টাকা। এক মাসে না হলেও চলবে, ধীরে ধীরে গড়ে তোলা যায়। কিন্তু শুরু করাটা জরুরি, কারণ বিপদ কখনও আগে থেকে বলে আসে না।

১০. উইল ও উত্তরাধিকার পরিকল্পনা

উইল লেখার কথা উঠলে অনেকে ভাবেন এটা বয়স্ক মানুষের বিষয়, বা মৃত্যুর কথা ভাবা অশুভ। এই ভাবনার কারণে অনেক পরিবারে সম্পত্তি নিয়ে পরে জটিলতা তৈরি হয়, বিশেষ করে নারীদের ভাগের সম্পত্তি নিয়ে। যতক্ষণ কথা না ওঠে, ততক্ষণ সবকিছু ঠিকঠাক মনে হয়। সমস্যা টের পাওয়া যায় ঠিক তখনই, যখন সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসে।

নিজের নামে কী সম্পত্তি আছে, সেটা কার কাছে যাবে, উইল করা আছে কিনা—এই তথ্যগুলি স্পষ্ট থাকা দরকার। উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যবসার মালিকানা কার কাছে যাবে, সেটাও আগে থেকে ঠিক করে রাখা জরুরি। এই কথাগুলি নিয়ে বসা অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু সময়মত না বললে পরে সেই অস্বস্তির চেয়ে বড় সমস্যা তৈরি হয়।

১১. মেয়েদের আর্থিক শিক্ষা দেওয়া

এই লেখাটা শুধু নিজের জন্য নয়। আপনার ঘরে যদি কন্যাসন্তান থাকে, তাকে ছোটবেলা থেকেই টাকার হিসাবে যুক্ত রাখুন। বাজেট কী, সঞ্চয় কেন, বিনিয়োগ কীভাবে কাজ করে—এগুলি তার পাঠ্যক্রমের বাইরে থাকলেও আপনার কাছ থেকে সে শিখতে পারে।

একটা মেয়ে যদি ছোটবেলা থেকেই টাকা নিয়ে কথা বলাকে স্বাভাবিক মনে করে, সে প্রাপ্তবয়স্ক হয়ে আর হঠাৎ করে সচেতন হতে বাধ্য হবে না। এটা তার জীবনের অংশ হয়ে যাবে।

আত্মবিশ্বাস একদিনে আসে না। আসে একটার পর একটা প্রশ্ন করতে করতে, একটার পর একটা সিদ্ধান্তে নিজেকে রাখতে রাখতে। তাই, শুরু করার সময় এখনই।

কন্যাসন্তানকে যে ৯টি বিষয় শেখাবেনএকটা মেয়ে যখন বড় হয়ে উঠতে থাকে, তার সামনে থাকে অসংখ্য সম্ভাবনা, অসংখ্য পথ। বাবা-মা হ...
24/08/2026

কন্যাসন্তানকে যে ৯টি বিষয় শেখাবেন

একটা মেয়ে যখন বড় হয়ে উঠতে থাকে, তার সামনে থাকে অসংখ্য সম্ভাবনা, অসংখ্য পথ। বাবা-মা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলির একটি হল তাকে এমনভাবে বড় করে তোলা, যাতে সে নিজের ওপর বিশ্বাস রেখে নিজের পথ বেছে নিতে পারে।

কন্যাসন্তানকে আত্মবিশ্বাসী করে তোলা সময়ের একটি প্রক্রিয়া। প্রতিদিন তার সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথা বলা, তার কথা মন দিয়ে শোনা, নিজের অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নেওয়া—এসবের মধ্য দিয়েই সে বুঝতে শেখে যে তার নিজের একটা কণ্ঠস্বর আছে এবং সেই কণ্ঠস্বরের মূল্য আছে।

নিচে এমন ৯টি বিষয় তুলে ধরা হল, যা কন্যাসন্তানকে ছোটবেলা থেকেই শেখানো দরকার।

১. "না" বলতে শিখতে হবে, এতে দোষের কিছু নেই

কখনও বন্ধুদের সঙ্গে কোথাও যেতে ইচ্ছা না করলে, কেউ অযাচিত প্রশ্ন করলে, অথবা কেউ কোনো সম্পর্ককে নিজের ইচ্ছার চেয়ে দ্রুত এগিয়ে নিতে চাইলে—সব ক্ষেত্রেই "না" বলা স্বাভাবিক। কন্যাশিশুর জানা দরকার, "না" একটি গুরুত্বপূর্ণ শব্দ। নিজের সীমারেখা রক্ষা করার জন্য অপরাধবোধ ছাড়াই এই শব্দটি ব্যবহার করতে পারতে হবে।

"না" সবসময় একইভাবে বলতে হয় না। যেখানে স্পষ্টভাবে বলা প্রয়োজন, সেখানে স্পষ্টভাবে বলতে হবে। আবার পরিস্থিতি অনুযায়ী নরমভাবেও বলা যায়। যেমন, "আজ তোমাদের সঙ্গে বের হতে পারব না, আমার একটু বিশ্রাম দরকার। অন্যদিন যাই?" অথবা, "আমি এই কাজটা এখন নিতে পারছি না। আমার হাতে অন্য কাজ আছে।"

গুরুত্বপূর্ণ হল, নিজের প্রয়োজন, ইচ্ছা এবং নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া। শুধু অন্যকে খুশি করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে "হ্যাঁ" বলতে হবে—এমন ধারণা যেন তার মধ্যে তৈরি না হয়।

২. নিজের কথাটা বলা যায়, ভদ্রতা বজায় রেখেই

কন্যাসন্তানকে শেখাতে হবে যে নিজের মতামত প্রকাশ করার অধিকার তার আছে। তবে নিজের কথা বলার সময় অন্যকে অসম্মান বা হেয় করার প্রয়োজন নেই।

মতের অমিল হলেই কাউকে ছোট করা বা অপমান করা গ্রহণযোগ্য নয়। নিজের অবস্থান পরিষ্কারভাবে জানানো এবং একই সঙ্গে অন্য ব্যক্তির প্রতি সম্মান দেখানো—দুটো একসঙ্গে করা সম্ভব।

শিশুরা এই ভারসাম্য মূলত পরিবার থেকেই শেখে। মা-বাবা নিজেদের মধ্যে কীভাবে কথা বলেন, মতবিরোধ কীভাবে সামলান, রাগের সময় কীভাবে আচরণ করেন—এসবই শিশুর কাছে বাস্তব শিক্ষা হয়ে ওঠে।

৩. নিজের মত ধরে রেখেই অন্যের কথা শুনতে হবে

দৃঢ় সম্পর্ক গড়ার জন্য শুধু নিজের কথা বলা যথেষ্ট নয়; অন্যের কথাও মন দিয়ে শুনতে হয়। সবসময় নিজের বক্তব্য জানানোর জন্য অপেক্ষা না করে অন্য মানুষ কী বলছে, কেন বলছে—সেটা বোঝার চেষ্টা করা দরকার।

এই অভ্যাস শিশুর চিন্তার পরিধি বাড়ায় এবং তাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে। তবে অন্যের কথা শোনা মানে নিজের মত বদলে ফেলা নয়।

সে নিজের অবস্থানে অটল থেকেও অন্যের কথা শুনতে পারে। নিজের মত ধরে রেখে অন্যের জন্য শোনার জায়গা তৈরি করতে পারা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা।

৪. ক্ষতিকর সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসায় কোনো ভুল নেই

অনেক মানুষই এমন সম্পর্ক বা পরিস্থিতিতে দীর্ঘদিন থেকে যান, যেগুলি তাদের জন্য ভাল নয়। কখনও তারা মনে করেন, একটু চেষ্টা করলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কখনও আবার মনে হয়, অন্য মানুষটিকে বদলে দেওয়ার দায়িত্ব যেন নিজেরই।

কন্যাসন্তানকে শেখানো দরকার, সব সম্পর্ক ঠিক করা সম্ভব নয় এবং সব পরিস্থিতির দায়িত্বও তার নয়। কোনো সম্পর্ক যদি নিয়মিতভাবে তাকে অপমান করে, ভয় দেখায়, নিয়ন্ত্রণ করে, মানসিকভাবে ভেঙে দেয় বা তার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে সেখান থেকে দূরে সরে আসা ভুল নয়।

সরে আসা সহজ নয়, কিন্তু কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের নিরাপত্তা বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে বিশ্বস্ত পরিবার, বন্ধু বা দায়িত্বশীল কোনো বড় মানুষের সাহায্য নেওয়াও শেখাতে হবে।

৫. সোশ্যাল মিডিয়ার লাইক-কমেন্ট দিয়ে নিজের মূল্য বিচার করা যাবে না

আমাদের জীবনের একটা বড় অংশ এখন সোশ্যাল মিডিয়ায়। কোনো পোস্টে অনেক লাইক বা কমেন্ট এলে ভাল লাগে, আবার প্রত্যাশামত সাড়া না পেলে খারাপও লাগতে পারে। কিন্তু ধীরে ধীরে যদি নিজের মূল্যবোধকে এসব প্রতিক্রিয়ার সঙ্গে মিলিয়ে দেখা শুরু হয়, তখন সমস্যা তৈরি হতে পারে।

কন্যাসন্তানকে বোঝাতে হবে, সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ মাত্র। সেখানে মানুষ সাধারণত নিজের জীবনের বাছাই করা অংশটাই দেখায়। ফলে অন্যের ছবি, সাফল্য বা সাজানো জীবন দেখে নিজের পুরো জীবনকে তার সঙ্গে তুলনা করা ঠিক নয়।

কত লাইক বা কমেন্ট পড়ল তা দিয়ে একজন মানুষের মূল্য বিচার হয় না।

৬. অস্বস্তি বা সন্দেহকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না

শিশুকে নিজের অনুভূতি ও অস্বস্তিকে গুরুত্ব দিতে শেখানো দরকার। কোনো ব্যক্তি, জায়গা বা পরিস্থিতিতে গিয়ে যদি তার মনে হয় কিছু একটা ঠিক নেই, তাহলে সেই অনুভূতিকে একেবারে উপেক্ষা না করে বিশ্বস্ত কাউকে জানানো এবং প্রয়োজন হলে সেখান থেকে সরে আসা উচিত।

এটা মানে নয় যে মনের প্রতিটি সন্দেহই সঠিক। বরং অস্বস্তিকে একটি সতর্কসংকেত হিসাবে গুরুত্ব দেওয়া এবং পরিস্থিতি বুঝে নিরাপদ সিদ্ধান্ত নেওয়া দরকার।

ছোটবেলা থেকেই তাকে শেখানো যায়—কোনো ব্যক্তি তাকে অস্বস্তিতে ফেললে, তার "না" না মানলে বা কোনো পরিস্থিতিতে সে নিরাপদ বোধ না করলে, সেখান থেকে সরে আসতে পারে এবং প্রয়োজন হলে মা-বাবা বা অন্য কোনো বিশ্বস্ত বড় মানুষের সাহায্য চাইতে পারে।

৭. ঝুঁকি নাও, ব্যর্থতা থেকে শেখো

আমরা অবশ্যই চাই না সন্তান অযথা বিপজ্জনক ঝুঁকি নিক। কিন্তু নিরাপদ এবং বয়সোপযোগী নতুন কিছু করার সুযোগও তাকে দিতে হবে।

পাহাড়ে উঠতে চাইলে, সার্ফিং শিখতে চাইলে, নতুন কোনো খেলায় অংশ নিতে চাইলে, একা কোনো দায়িত্ব নিতে চাইলে, নতুন কোনো দক্ষতা শিখতে চাইলে—পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনা করে তাকে চেষ্টা করার সুযোগ দেওয়া দরকার। এমনকি চুলের রঙ বদলানোর মত নিজের চেহারা নিয়ে ছোট কোনো পরিবর্তন করতে চাইলেও, তা নিরাপদ ও বয়সোপযোগী হলে তাকে নিজের পছন্দের সুযোগ দেওয়া যেতে পারে।

কোনো কিছু শুরু করার পর ব্যর্থ হওয়াও শেখার অংশ। ব্যর্থতার অভিজ্ঞতা থেকে সে বুঝতে শেখে কী কাজ করেনি, কোথায় ভুল হয়েছে এবং পরেরবার কীভাবে চেষ্টা করা যায়।

নিজের সিদ্ধান্তে চেষ্টা করা, ভুল করা এবং আবার শুরু করার সুযোগই ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করে।

৮. অন্য মেয়েদের হাত ধরো, পাশে দাঁড়াও

অন্য মেয়েদের পাশে দাঁড়াতে শেখানোর সবচেয়ে ভাল উপায় হল সেটা নিজের আচরণের মাধ্যমে দেখানো।

বন্ধুর বিপদে পাশে থাকা, প্রয়োজন হলে সাহায্য করা, কোনো মেয়েকে অন্যায়ভাবে অপমান করা হলে তার পাশে দাঁড়ানো এবং অন্য কারও সাফল্যে আন্তরিকভাবে আনন্দিত হওয়া—এসব ছোট ছোট অভ্যাস শিশুকে সহযোগিতা ও সহমর্মিতা শেখায়।

অন্য মেয়ের সাফল্যকে নিজের জন্য হুমকি হিসাবে দেখার প্রয়োজন নেই। বরং একজন আরেকজনকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে।

৯. নিজেকে ভালবাসো, নিজের ভুলসহ

জীবনের কিছু সময় স্বাভাবিকভাবেই কঠিন যাবে। এমন সময়ও আসতে পারে যখন সে নিজেই বুঝতে পারবে না, সে আসলে কে বা কী হতে চায়। এই সময় নিজের প্রতি কঠোর না হয়ে নিজেকে বোঝার সুযোগ দেওয়া জরুরি।

নিজেকে ভালবাসা মানে নিজের সব কাজকে ঠিক বলে মেনে নেওয়া নয়। বরং নিজের ভাল দিকগুলি যেমন মেনে নেওয়া, তেমনি ভুল স্বীকার করা, ভুল থেকে শেখা এবং প্রয়োজন হলে নিজেকে ক্ষমা করাও এর অংশ।

চেহারা, শরীর, পোশাক, ফলাফল বা অন্যের সাফল্যের সঙ্গে নিজেকে সবসময় তুলনা করার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের পথ আলাদা।

একটা শিশুর আত্মবিশ্বাস শুধু তাকে কতটা প্রশংসা করা হচ্ছে, তার ওপর তৈরি হয় না। নিজের ভাল-মন্দ, শক্তি-দুর্বলতা এবং সীমাবদ্ধতাকে সে কতটা স্বাভাবিকভাবে নিতে পারছে, সেটাও গুরুত্বপূর্ণ। আর এই বোধের শুরু পরিবার থেকেই। বাবা-মা যদি সন্তানের ভুলকে শেখার সুযোগ হিসাবে দেখেন, তাকে অন্যের সঙ্গে মাপতে না বসেন এবং তার নিজের পছন্দ ও স্বভাবের জায়গা দেন, তাহলে সে ধীরে ধীরে বুঝতে শেখে—নিজেকে প্রমাণ করার জন্য তাকে অন্য কারও মত হতে হবে না।

শপিং তো হবেই, সাথে ক্যাশব্যাকও! সিটি আলো ভিসা ডেবিট কার্ড দিয়ে বছরজুড়ে যেকোনো কেনাকাটায় পেমেন্ট করে উপভোগ করুন ক্যাশব্যা...
24/08/2026

শপিং তো হবেই, সাথে ক্যাশব্যাকও! সিটি আলো ভিসা ডেবিট কার্ড দিয়ে বছরজুড়ে যেকোনো কেনাকাটায় পেমেন্ট করে উপভোগ করুন ক্যাশব্যাক সুবিধা।

*শর্ত প্রযোজ্য

স্মল বিজনেসে উদ্যোক্তারা যেসব সাধারণ ভুল করে থাকেননতুন ব্যবসা শুরু করা মানেই একরকম ঝুঁকি নেওয়া। নতুন ব্যবসার প্রায় ২০ ...
22/08/2026

স্মল বিজনেসে উদ্যোক্তারা যেসব সাধারণ ভুল করে থাকেন

নতুন ব্যবসা শুরু করা মানেই একরকম ঝুঁকি নেওয়া। নতুন ব্যবসার প্রায় ২০ শতাংশ প্রথম দুই বছরেই বন্ধ হয়ে যায়, আর পাঁচ বছরের মধ্যে বন্ধ হয় প্রায় ৪৫ শতাংশ। অর্ধেকেরও বেশি ছোট ব্যবসা পঞ্চম বছরের মুখই দেখতে পায় না। এর পেছনে সবসময় খারাপ আইডিয়া দায়ী, এমন না। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী থাকে কিছু চেনাজানা ভুল, যেগুলি একটু সচেতন থাকলেই এড়ানো যায়। চলুন দেখে নেওয়া যাক, উদ্যোক্তারা সবচেয়ে বেশি যে ভুলগুলি করে থাকেন।

পরিকল্পনা ছাড়াই ব্যবসা শুরু করা

অনেক উদ্যোক্তাই আইডিয়া নিয়ে এতটাই সন্তুষ্ট থাকেন যে লিখিত ব্যবসার পরিকল্পনা তৈরি করার প্রয়োজনই মনে ক রেন না। অথচ এই পরিকল্পনাই আসলে ব্যবসার একটা মূল নকশা—লক্ষ্য কী, টাকা কোথা থেকে আসবে, কোন পথে আগাতে হবে, সমস্যা হলে কী করতে হবে, সবকিছুর দিকনির্দেশনা এখানে থাকে।

পরিকল্পনা ছাড়া ব্যবসা চালানো অনেকটা ম্যাপ ছাড়া অচেনা শহরে গাড়ি চালানোর মত। কিছুদূর হয়ত যাওয়া যায়, কিন্তু বড় সিদ্ধান্তের সময় দিশা হারিয়ে ফেলার আশঙ্কা থাকে। কৌশলগত পরিকল্পনা আর আগাম প্রস্তুতির অভাবই বহু ব্যবসার ব্যর্থতার একটা বড় কারণ।

বাজার ও ক্রেতা সম্পর্কে যথেষ্ট গবেষণা না করা

নিজের পণ্য বা সেবা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠাটা একটা সাধারণ ভুল। অনেক উদ্যোক্তা মনে করেন, তারা ক্রেতাদের চাহিদা ভালভাবেই বোঝেন, অথচ বাস্তবে সেই ধারণা অনেক সময় ভুল হয়। "নিখুঁত" পণ্য তৈরির পেছনে সব শক্তি ঢেলে দিলেও মনে রাখতে হবে, পণ্য ভাল হলেই বিক্রি হবে, এমন না।

ব্যবসা যে ধরনেরই হোক না কেন, টার্গেট ক্রেতা কারা, তাদের প্রকৃত চাহিদা কী, প্রতিযোগীরা কীভাবে কাজ করছে—এসব নিয়ে গবেষণা করে আগালে বুঝতে সুবিধা হয় যে, ওই পণ্যের চাহিদা আসলেই আছে নাকি নেই।

আর্থিক পরিকল্পনা ও বাজেট না রাখা

ব্যবসায় ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলির একটি হল, টাকার হিসাব ঠিকমত না রাখা। বাজেট ছাড়া ব্যবসা চালালে খরচ বেড়ে যাওয়া টের পাওয়া যায় না, ফলে সময় ও টাকা দুটিরই অপচয় হয়। নিয়মিত বাজেট রাখলে মাসে কত টাকা খরচ হচ্ছে, ক্যাশ ফ্লো কেমন যাচ্ছে—এসব স্পষ্ট বোঝা যায়।

অনেক উদ্যোক্তা হিসাবরক্ষণের ব্যাপারে শুরু থেকে গুরুত্ব দেন না, যা পরে গিয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৭০ শতাংশের বেশি ছোট ব্যবসা শুধু ক্যাশ ফ্লো ঠিকমত সামলাতে না পারার কারণে বন্ধ হয়ে যায়। তাই শুরু থেকেই বাজেট তৈরি করা, খরচ ট্র্যাক করা আর প্রয়োজনে একজন হিসাবরক্ষকের পরামর্শ নেওয়া জরুরি।

আইনি কাঠামো ঠিকভাবে না গড়া

অনেক উদ্যোক্তা কোনো আনুষ্ঠানিক আইনি সত্তা তৈরি না করেই শুধু একক মালিকানায় ব্যবসা চালিয়ে যান। এতে আইনগতভাবে ব্যবসা আর মালিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এর ফলে শুধু বেশি কর দিতে হয় তা নয়, ব্যক্তিগত সম্পদ রক্ষার আইনি সুরক্ষাও হাতছাড়া হয়ে যায়। ব্যবসায় ঋণ বা দায় দেখা দিলে পাওনাদাররা ব্যক্তিগত সম্পদ পর্যন্ত জব্দ করতে পারেন। তাই ব্যবসা টেকসই ও নিরাপদভাবে চালাতে চাইলে শুরুতেই উপযুক্ত আইনি কাঠামো বেছে নেওয়া এবং প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করা জরুরি।

গ্রাহকের মতামত উপেক্ষা করা

গ্রাহকের সমালোচনা শুনতে ভাল না লাগলেও এটা এড়িয়ে যাওয়া বড় ভুল, যার মূল্য পরে অনেক বেশি দিতে হয়। জরিপ, অনলাইন রিভিউ বা সরাসরি কথোপকথনের মাধ্যমে গ্রাহকের প্রতিক্রিয়া নিয়মিত সংগ্রহ করা প্রয়োজন। তাদের অভিযোগ বা হতাশার জায়গাগুলি চিহ্নিত করে সমাধানের চেষ্টা করলে ব্যবসার উন্নতির নতুন পথ খুলে যায়। পণ্য বা সেবাকে একবার তৈরি করেই থেমে থাকলে চলবে না—গ্রাহকের ব্যবহার আর প্রতিক্রিয়ার ভিত্তিতে সেটা বদলাতে ও উন্নত করতে হবে।

অনলাইন উপস্থিতি অবহেলা করা

এই ডিজিটাল যুগে শক্তিশালী অনলাইন উপস্থিতি ছাড়া ব্যবসা টেকসই করা কঠিন। অনেক উদ্যোক্তা ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন মার্কেটিংকে গৌণ বিষয় মনে করেন। অথচ পেশাদার একটা ওয়েবসাইট, নিয়মিত সামাজিক মাধ্যম কনটেন্ট আর লক্ষ্যভিত্তিক অনলাইন বিজ্ঞাপন—এই বিষয়গুলি ছাড়া বড় পরিসরে ক্রেতার কাছে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়ায়।

প্রতিযোগীরা যেখানে অনলাইনে সক্রিয়, সেখানে এই দিকটা অবহেলা করলে ব্যবসা পিছিয়ে পড়ে।

সব একা হাতে সামলানোর চেষ্টা করা

কেউ কেউ মনে করেন, সবকিছু নিজে নিজে করাই বোধহয় ভাল। ইনভেন্টরি, গ্রাহকসেবা, ডেলিভারি, হিসাবরক্ষণ, সবকিছু একা হাতে সামলাতে চেষ্টা করেন। শুরুতে এটা কার্যকর মনে হলেও দীর্ঘমেয়াদে এতে ক্লান্তি বাড়ে আর সেবার মান কমে যায়। যার ফলে গ্রাহক অসন্তুষ্ট হন এবং বিক্রি কমতে থাকে। সঠিক দক্ষতা ও প্রতিষ্ঠানের সংস্কৃতির সাথে মানানসই একটা দল গড়ে তোলা, প্রয়োজনে কিছু কাজ আউটসোর্স করা আর দায়িত্ব ভাগ করে দেওয়াটাই দীর্ঘমেয়াদে ব্যবসাকে টিকিয়ে রাখার সঠিক পথ।

খুব দ্রুত বেড়ে ওঠার চেষ্টা করা

ব্যবসা ভাল চলতে শুরু করলে মনে হতে পারে, এখনই সব কিছুই দশগুণ বাড়িয়ে ফেলা উচিত। যেমন: হঠাৎ করে স্টোর নিয়ে ফেলা, অসংখ্যা নতুন পণ্য নিয়া আসা, নতুন কর্মী নিয়োগ দেওয়া ইত্যাদি। কিন্তু অতি দ্রুত সম্প্রসারণ প্রায়ই বিপরীত ফল নিয়ে আসে—পণ্য বা সেবার মান কমে যায়, ডেলিভারি দেরি হয়, তড়িঘড়ি করে অনুপযুক্ত কর্মী নিয়োগ দেওয়া হয়, বিদ্যমান কর্মীরা অতিরিক্ত চাপে পড়েন, আর উদ্ভাবনও থমকে যায়। এই কারণেই বহু প্রতিষ্ঠান দ্রুত বৃদ্ধির চেষ্টা করতে গিয়ে ধসে পড়ে। বৃদ্ধির আগে নিশ্চিত হওয়া দরকার, ব্যবসার কাঠামো, দল আর পুঁজি সেই চাপ নেওয়ার জন্য প্রস্তুত কিনা।

একই সাথে সবকিছুতে হাত দেওয়া

অনেক উদ্যোক্তা একসাথে একাধিক পণ্য নিয়ে আসেন বা একাধিক ফিল্ডে ঢুকে পড়েন, ভাবেন এতে সাফল্যের সম্ভাবনা বাড়বে। কিন্তু বাস্তবে এতে কোনো জায়গাতেই ঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না, প্রতিটা দিকই অগভীরভাবে সামলাতে হয়। শুরুর দিকে একটা নির্দিষ্ট পণ্য বা সেবায় মনোযোগ দিয়ে সেটাকে ভালভাবে প্রতিষ্ঠিত করাই বেশি কার্যকর, তারপর ধাপে ধাপে সম্প্রসারণের কথা ভাবুন।

মেন্টর বা পরামর্শদাতার সাহায্য না নেওয়া

নতুন উদ্যোক্তারা প্রায়ই মনে করেন, সব সিদ্ধান্ত নিজে থেকেই নিতে হবে, বাইরের কারো পরামর্শের দরকার নেই। অথচ অভিজ্ঞ কোনো মেন্টর বা ব্যবসায়িক পরামর্শদাতার সহায়তা নিলে অনেক ভুল আগেভাগেই এড়ানো যায়। আইনি জটিলতা, ফান্ড সংগ্রহের কৌশল বা বাজার বোঝার ক্ষেত্রে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ অনেক সময় ব্যয়বহুল আইনজীবীর চেয়েও বেশি কাজে আসে। সফল বা বিশেষজ্ঞ কারো সাথে কথা বলা, মেন্টরশিপ প্রোগ্রামের সাথে যুক্ত থাকলে নতুন দৃষ্টিভঙ্গি ও সহায়তা দুটিই পাওয়া যায়।

ব্যবসায় ভুল হওয়াটা স্বাভাবিক, কোনো উদ্যোক্তাই ভুলের বাইরে নন। কিন্তু যে ভুলগুলি বারবার ঘটে আর অনেক ব্যবসাকে সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলি আগে থেকে জানা থাকলে সহজেই এড়ানো যায়। পরিকল্পনা করে আগানো, বাজার বোঝা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, গ্রাহকের কথা শোনা, আর প্রয়োজনে সাহায্য নিতে দ্বিধা না করা—এই অভ্যাসগুলিই একটা ছোট ব্যবসাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার আসল ভিত্তি তৈরি করে। ব্যবসা মানেই ঝুঁকি, কিন্তু সচেতন পরিকল্পনা সেই ঝুঁকিকে অনেকটাই কমিয়ে আনতে পারে।

আপনার ব্র্যান্ডের অ্যাস্থেটিক বা লুক কেমন হওয়া উচিত?"অ্যাস্থেটিক" শব্দটা শুনলে আমরা সাধারণত ভাবি কোনো কিছুকে হয়ত "সুন্...
19/08/2026

আপনার ব্র্যান্ডের অ্যাস্থেটিক বা লুক কেমন হওয়া উচিত?

"অ্যাস্থেটিক" শব্দটা শুনলে আমরা সাধারণত ভাবি কোনো কিছুকে হয়ত "সুন্দর" বলা হচ্ছে। একটা সুন্দর ক্যাফে, গোছানো রুম বা বই পড়ার সেটআপের মত অসংখ্য বিষয় সুন্দর বলতে আমরা এই শব্দটা প্রায়ই ব্যবহার করে থাকি।

কিন্তু আসলে অ্যাস্থেটিক শব্দটা "সুন্দর" এর হুবহু সমার্থক শব্দ না। এটা একটা নির্দিষ্ট ভিজ্যুয়াল স্টাইল বা মুড—রঙ, ফন্ট, ছবি, লেআউটসহ নানা উপাদান মিলিয়ে তৈরি হওয়া একটা সামগ্রিক অনুভূতি। সৌন্দর্য এখানে একটা অংশ হতে পারে, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা—একটা নির্দিষ্ট রূপ ও অনুভূতি বারবার ধরে রাখা।

যেমন আমরা যখন ফ্যাশন বা আর্ট এর মত শব্দ ব্যবহার করি, আমাদেরকে নির্দিষ্ট করতে হয় সেই ফ্যাশন বা আর্ট কেমন। অ্যাস্থেটিক এর ক্ষেত্রে এর একটা সহজ উদাহরণ হতে পারে 'কটেজকোর অ্যাস্থেটিক'—যেটা ট্রেন্ড হিসাবে কিছুদিন আগ পর্যন্তও বেশ জনপ্রিয় ছিল।

কোনো কিছু সুন্দর লাগবে কি না, সেটা ব্যক্তিগত রুচির ব্যাপার। কিন্তু ব্র্যান্ডের অ্যাস্থেটিক তৈরি হয় নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত আর সেগুলি ধারাবাহিকভাবে মেনে চলার মাধ্যমে। ব্যবসার ক্ষেত্রে এই ধারাবাহিকতা খুব জরুরি। কারণ এর ওপর ব্র্যান্ডের পরিচয়ের একটা বড় অংশ নির্ভর করে। তাই একজন উদ্যোক্তা হিসাবে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, কারণ এখান থেকেই আসে মানুষ আপনার ব্র্যান্ডকে কতটা "প্রফেশনাল" মনে করবে।

অ্যাস্থেটিক আসলে কী

সহজ ভাষায়, বিজনেস অ্যাস্থেটিক হল আপনার ব্যবসা দেখতে কেমন মনে হয় এবং কেমন অনুভূত হয় তার সামগ্রিক রূপ। অনেক সময় কাস্টমার আপনার ব্র্যান্ড সম্পর্কে প্রথম ধারণাটা এখান থেকেই পায়। কোনো তথ্য পড়ার আগেই আপনার ব্র্যান্ডের ছবি দেখে কাস্টমারের মনে একটা ধারণা তৈরি হয়ে যায়। এই অনুভূতি তৈরি হয় রঙ, ফন্ট, ছবির ধরন, লেআউট, আর ছোট ছোট ডিজাইন-উপাদান মিলিয়ে।

একটা সহজ পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন আপনার ব্যবসার নিজস্ব অ্যাস্থেটিক আছে কি না। ধরুন আপনার প্রোডাক্টের একটা ছবি থেকে লোগো বা নাম মুছে দেওয়া হল, তখন সেটা দেখে আপনার ক্রেতারা কি বলতে পারবে এটা আপনার ব্র্যান্ড? পারলে বুঝবেন আপনার অ্যাস্থেটিক আছে। না পারলে বুঝবেন আপনার শুধু একটা লোগো আছে, অ্যাস্থেটিক এখনও তৈরি হয়নি।

বেশিরভাগ স্মল বিজনেসেরই লোগো থাকে, কিন্তু প্রকৃত অ্যাস্থেটিক থাকে খুব কম ব্যবসারই। এই পার্থক্য তৈরি হয় উদ্যোক্তা ব্র্যান্ডের চেহারা নিয়ে কতটা সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, তার ওপর।

কৌশল, পরিচয় আর অ্যাস্থেটিক—তিনটা আলাদা জিনিস

উদ্যোক্তারা প্রায়ই এই তিনটা জিনিস গুলিয়ে ফেলেন।

• ব্র্যান্ড স্ট্র্যাটেজি ঠিক করে: আপনার ব্যবসা কার জন্য এবং কেন? এখানে থাকে টার্গেট কাস্টমার, ব্র্যান্ডের মূল্যবোধ, প্রতিযোগীদের তুলনায় অবস্থান।

• ব্র্যান্ড আইডেন্টিটি ঠিক করে: আপনার ব্যবসা নিজেকে কীভাবে পরিচয় করাবে? এখানে থাকে নাম, লোগো, ব্র্যান্ডের কণ্ঠস্বর বা টোন, মিশন, গল্প।

• অ্যাস্থেটিক ঠিক করে: আপনার ব্যবসাকে দেখতে ও অনুভব করতে কেমন লাগবে। এখানে থাকে রঙ, টাইপোগ্রাফি, ছবি, লেআউট, মুভমেন্ট।

অনেক উদ্যোক্তা কৌশল ঠিক করেই সরাসরি লোগো বানাতে চলে যান, তারপর সেই লোগোর ওপর একটি পুরো ব্র্যান্ড দাঁড় করাতে চেষ্টা করেন। এভাবে শুরু করলে লোগোটাই ব্র্যান্ডের সবকিছু হয়ে যায়। আসলে অ্যাস্থেটিক শুধু একটা ডিজাইন নয়; এটা পুরো ব্র্যান্ডের চেহারা।

প্যাকেজিং, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, দোকানের সাইনবোর্ড, প্রেজেন্টেশন—সবকিছু এই একই সিস্টেম থেকে আসে। লোগো শুধু এই সিস্টেমের একটা প্রকাশ মাত্র।

অ্যাস্থেটিকের ৭টা উপাদান

একটা ব্র্যান্ডের অ্যাস্থেটিক তৈরি করতে এই সাতটি বিষয় ঠিক করা দরকার। এগুলি কোনো বাঁধাধরা নিয়ম নয়। শুরু করার জন্য এগুলিকে সহজ একটা গাইড হিসাবে ধরতে পারেন। এগুলি শুধু ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার জন্য না—আপনার দোকানের সাইনবোর্ড থেকে শুরু করে প্রোডাক্টের প্যাকেট, ফেসবুক পেজ, এমনকি কাস্টমারকে দেওয়া রিসিট পর্যন্ত সব জায়গাতেই এই সাতটা জিনিস কাজ করে। এর মধ্যে বেশিরভাগ ঠিকঠাক করতে পারলেই ব্র্যান্ড মানানসই লাগতে শুরু করে।

১. রঙের প্যালেট

আপনার ব্র্যান্ডে কোন কোন রঙ ব্যবহার করবেন, সেটা আগে ঠিক করুন। ধরুন আপনার একটা ক্লোদিং স্টোর আছে। সাইনবোর্ডে যে রঙ ব্যবহার করছেন, প্যাকেজিং ব্যাগে সেই একই রঙ থাকছে কি না, ফেসবুক পেজের কভার ফটোতেও সেই রঙ আছে কি না—এটাই আসল প্রশ্ন। তিন থেকে পাঁচটার বেশি রঙ ব্যবহার না করাই ভাল। একটা-দুইটা নিউট্রাল রঙ (যেমন সাদা, বেইজ), একটা মূল রঙ, আর এক-দুইটা সহায়ক রঙ—এই নিয়ম মেনে চললে জিনিসটা এলোমেলো লাগবে না।

২. টাইপোগ্রাফি (হাতের লেখার ধরন বা ফন্ট)

সাইনবোর্ডে, প্যাকেজিং-এ, ফেসবুক পোস্টে আপনি কোন ফন্ট বা লেখার স্টাইল ব্যবহার করছেন, সেটা প্রতিবার একই রাখা। একটা ফন্ট হেডলাইনের জন্য (যেমন দোকানের নাম), আরেকটা সাধারণ লেখার জন্য (যেমন প্রোডাক্টের বিবরণ)—এই দুইটাই যথেষ্ট। জায়গাভেদে ফন্ট বদলাতে থাকলে কাস্টমারের কাছে ব্র্যান্ডের একটা নির্দিষ্ট চেহারা তৈরি হয় না।

৩. ছবির ধরন

আপনি যদি প্রোডাক্টের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন বা ওয়েবসাইটে দেন, সব ছবি যদি একই ধরনের আলোতে, একই ব্যাকগ্রাউন্ডে, একই কোণ থেকে তোলা হয়—তাহলে দেখতে প্রফেশনাল লাগে। আজকে সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি, কালকে ঘরের মেঝেতে এলোমেলো ছবি—এভাবে করলে যতই ভাল প্রোডাক্ট হোক, দেখতে আনাড়ি লাগবে।

৪. আইকন বা ছোট ছবি (যদি ব্যবহার করেন)

মেনু কার্ডে, প্যাকেজিং-এ, বা ফেসবুক পোস্টে যদি কোনো ছোট আইকন বা সিম্বল ব্যবহার করেন (যেমন একটা পাতার ছবি অর্গানিক প্রোডাক্টের জন্য), সেই স্টাইল সব জায়গায় এক রাখা। ইন্টারনেট থেকে এলোমেলোভাবে বিভিন্ন স্টাইলের আইকন নামিয়ে ব্যবহার করলে সেটা চোখে লাগে।

৫. জিনিস সাজানোর ধরন

প্যাকেজিংয়ে কোন জিনিস কোথায় থাকবে, সেটাও আগে ঠিক করুন। লোগো কোথায় থাকবে, লেখা কোথায় থাকবে—এসবের একটা নির্দিষ্ট নিয়ম থাকা ভাল। ফেসবুক পেজের প্রোফাইল-কভার ফটো একইভাবে সাজানো থাকলে সেটা ধারাবাহিক মনে হয়। প্রতিবার নতুনভাবে সাজালে ব্র্যান্ডটা অস্থির লাগে।

৬. কাস্টমারের সাথে ইন্টারঅ্যাকশনের ধরন

আপনার দোকানে বা ফেসবুক পেজে কাস্টমারের মেসেজের উত্তর কেমন হয়—দ্রুত ও সোজাসাপ্টা, নাকি ধীরে-সুস্থে বিস্তারিতভাবে—সেটাও ব্র্যান্ডের সামগ্রিক প্রকাশের অংশ। এটা সরাসরি ভিজ্যুয়াল অ্যাস্থেটিকের অংশ নয়। তবে কাস্টমারের সঙ্গে আপনার আচরণ যেন ব্র্যান্ডের চেহারার সঙ্গে মেলে। তাহলে ব্র্যান্ডটাকে আরও গোছানো ও সামঞ্জস্যপূর্ণ মনে হয়। যেমন, একটা লাক্সারি ব্র্যান্ড হয়ত ধীরে, যত্ন নিয়ে উত্তর দেয়, আবার একটা স্ট্রিটওয়্যার ব্র্যান্ড হয়ত দ্রুত ও মজার ভাষায় রিপ্লাই দেয়।

৭. ছোট ছোট ডিটেইল

প্যাকেজিং টেপে লোগো আছে কি না, রিসিটে দোকানের নাম কী ফন্টে লেখা, শপিং ব্যাগের হাতল কেমন—এই ছোট ছোট জিনিস সবার শেষে চোখে পড়ে, কিন্তু এখানেই একটা "মোটামুটি ভাল" দোকান আর "মনে রাখার মত" দোকানের পার্থক্য তৈরি হয়।

কোনটা প্রিমিয়াম মনে হয়, কোনটা সাধারণ মনে হয়

একটা ব্র্যান্ডকে প্রিমিয়াম না সাধারণ মনে হবে, সেটা অনেকটাই নির্ভর করে চারটি বিষয়ে।

প্রথমত, কম উপকরণ ব্যবহার করা। বেশিরভাগ সময় ব্র্যান্ড সাধারণ দেখায় খারাপ ডিজাইনের জন্য না, বরং একসাথে অনেক কিছু ব্যবহার করার কারণে।

ধরুন আপনার একটা বিউটি স্যালন আছে। সাইনবোর্ডে গোলাপি, লোগোতে সোনালি, ব্যানারে আবার নীল—এভাবে অনেক রঙ একসাথে ব্যবহার করলে দেখতে এলোমেলো লাগবে। কিন্তু যদি সবখানে শুধু গোলাপি আর সাদা এই দুইটা রঙ বারবার ঘুরেফিরে আসে, সেটাই প্রিমিয়াম লাগবে। ফন্টের ক্ষেত্রেও একই কথা, দুইটার বেশি ফন্ট ব্যবহার না করাই ভাল।

দ্বিতীয়ত, ছোট ছোট বিষয়েও যত্ন নেওয়া। যেমন সাদা রঙ বললেই যেকোনো সাদা না, একটা নির্দিষ্ট অফ-হোয়াইট বা হাতির দাঁতের মত শেড বেছে নেওয়া, আর সব প্যাকেটের কোণা একই মাপে গোল রাখা। কাস্টমার হয়ত এসব আলাদা করে খেয়াল করবেন না, কিন্তু সবকিছু মিলিয়ে ব্র্যান্ডটাকে যত্ন নিয়ে তৈরি করা মনে হবে।

তৃতীয়ত, খালি জায়গা। দামি ব্র্যান্ডগুলি সাধারণত যতটা খালি জায়গা "স্বাভাবিক" মনে হয়, তার চেয়েও একটু বেশি খালি জায়গা রাখে। একটা প্যাকেটে অনেক লেখা আর অনেক ডিজাইন ঠাসাঠাসি করে যোগ করলে সেটা সস্তা দেখায়। কম জিনিস, বেশি ফাঁকা জায়গা—এটাই প্রিমিয়াম লুক তৈরি করে।

চতুর্থত, সব জায়গায় একই চেহারা ধরে রাখা। ফেসবুক পেজ, প্যাকেজিং, সাইনবোর্ড, রিসিট—সব জায়গায় একই রঙ-ফন্ট-স্টাইল দেখা গেলে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু জায়গা ভেদে চেহারা বদলে গেলে (যেমন ফেসবুকে এক রকম, দোকানে আরেক রকম) সেটা নতুন বা অগোছালো মনে হয়।

এটা শুধু সাজগোজ না, ব্যবসার সিদ্ধান্ত

অ্যাস্থেটিক গুরুত্বপূর্ণ কারণ কাস্টমার আপনার সাথে কথা বলার আগেই শুধু দেখেই আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে। সব জায়গায় একই রকম দেখতে লাগলে কাস্টমার সহজে চিনতে পারে, আর প্রতিবার ব্র্যান্ডের একই ধরনের চেহারা ও আচরণ দেখলে কাস্টমারের আস্থা বাড়তে থাকে।

মজার ব্যাপার হল, ভিন্ন ভিন্ন অ্যাস্থেটিক ভিন্ন ভিন্ন অনুভূতি তৈরি করে। ধরুন একটা কফি শপ যদি ক্রিম রঙ, গাঢ় বাদামি লেখা আর শুধু একটা উজ্জ্বল রঙ ব্যবহার করে, সেটাকে "রুচিশীল ও প্রিমিয়াম" মনে হবে। আবার একটা কিডস স্টোর যদি সাদা ব্যাকগ্রাউন্ডে অনেক উজ্জ্বল রঙ আর গোলাকার বাটন-কার্ড ব্যবহার করে, সেটাকে "প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ" মনে হবে। কোনোটাই অন্যটার চেয়ে ভাল, এমন না। শুধু নিজের পছন্দের ওপর সিদ্ধান্ত নেবেন না। আপনার কাস্টমার কারা, তাদের পছন্দ কী—সেটাও ভাবতে হবে।

নিজের ব্যবসার অ্যাস্থেটিক যেভাবে গড়ে তুলবেন

বেশিরভাগ উদ্যোক্তা অ্যাস্থেটিক ঠিক করা শুরু করেন ওয়েবসাইট বা ফেসবুক পেজ দিয়ে। কিন্তু এটাই আসলে সবচেয়ে সহজ জায়গা—বড় স্ক্রিনে প্রায় যেকোনো ডিজাইনই মোটামুটি ভাল দেখায়, তাই এখানে আসল পরীক্ষা হয় না। বরং ছোট জায়গা থেকেই পরীক্ষা শুরু করুন।

শুরুতেই যে বিষয়গুলি দেখবেন:

• প্রোফাইল ছবি বা লোগোর ছোট আইকন: এটা মোবাইলে ছোট্ট একটা গোল ঘরে দেখাবে, তারপরও কি চেনা যাচ্ছে?

• ভিজিটিং কার্ড: এখানে জায়গা খুব কম, তাই এলোমেলো কিছু রাখবেন না।

• লোগো ছাড়া একটা পোস্ট বা ছবি: লোগো ছাড়াই কি মানুষ বুঝতে পারবে এটা আপনার দোকানের পোস্ট?

• একটা প্রিন্ট করা স্টিকার বা প্রোডাক্ট লেবেল।

ছোট জায়গাতেও যদি আপনার ব্র্যান্ডের চেহারা পরিষ্কার থাকে, তাহলে সাইনবোর্ড, প্যাকেজিং বা ওয়েবসাইটে সেটাই ব্যবহার করা সহজ হবে। শুধু ফেসবুক পেজ দিয়ে শুরু করলে সেখানে ভাল লাগতে পারে, কিন্তু অন্য জায়গায় একই চেহারা ধরে রাখা কঠিন হবে।

শুরুতে অনেক টাকা ব্যয় করে ডিজাইনার রাখার দরকার নেই। নিজের রঙ, ফন্ট আর ছবির ধরন লিখে একটা কাগজে বা নোটে টুকে রাখুন, আর প্রতিবার নতুন কিছু বানানোর সময় সেটা মেনে চলুন। এটুকু করলেই একটা ধারাবাহিক, চেনা অ্যাস্থেটিক দাঁড় করানো সম্ভব।

বিজনেস অ্যাস্থেটিক মানে শুধু একটা সুন্দর লোগো বা আকর্ষণীয় রঙ না—এটা একটা সিস্টেম। যেখানে রঙ, ফন্ট, ছবি, লেআউট আর ছোট ছোট ডিটেইলের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে এবং সেগুলি সব জায়গায় মেনে চলা হয়। বেশিরভাগ ব্যবসার একটা লোগো থাকে, কিন্তু সত্যিকারের অ্যাস্থেটিক থাকে খুব কম ব্যবসারই। যারা শুরু থেকেই এসব বিষয় ঠিক করে রাখেন এবং পরে সেগুলি মেনে চলেন, তারা বেশি টাকা খরচ না করেও অন্যদের থেকে আলাদা হতে পারেন।

এখনই সময় নিজের রঙ, ফন্ট, আর ছবির ধরন নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়ার, আর সেই সিদ্ধান্তে অটল থাকার।

Address

Shanta Skymark, 18 Gulshan Avenue, Gulshan 1
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

16234

Alerts

Be the first to know and let us send you an email when City Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City Alo:

Shortcuts

Share