30/10/2025
বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি বোর্ডের নতুন সদস্য হিসেবে বিশিষ্ট আলেম ও ইসলামিক অর্থনীতি বিশেষজ্ঞ ড. মুফতি ইউসুফ সুলতানকে মনোনীত করা হয়েছে। তাঁর এই মনোনয়ন দেশের ইসলামী ব্যাংকিং ও আর্থিক খাতের শরিয়া ভিত্তিক সুশাসন ও নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ড. মুফতি ইউসুফ সুলতান আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা এবং আদল এডভাইজরি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ এ্যাওফি ফেলোস ফোরাম কর্তৃক বাফ এওয়ার্ড ২০২৩ এ ভুষিত। পাশাপাশি এ্যাওফির ওয়ার্কিং কমিটির সদস্য ও মাস্টার ট্রেইনার এবং দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠানের শারিয়াহ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী অর্থনীতি, ফিকহুল মুআমালাত ও শরিয়া নির্ভর ব্যাংকিং বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশে তিনি আমন্ত্রিত আলোচক হিসেবেও অংশগ্রহণ করেছেন। এছাড়া বাহরাইনে অনুষ্ঠিত এ্যাওফির বার্ষিক শারিয়াহ সভায় একটি সেশনের স্পিকারও ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ড দেশের ইসলামী ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া সম্মত কার্যক্রম তদারকি ও নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড. মুফতি ইউসুফ সুলতানের অন্তর্ভুক্তি এই বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।