09/09/2016
১২৩টি দেশে,৬১০টি ভালোবাসার আশ্রয়কেন্দ্র
Mother Teresa
আমি সত্যিই আজ আনন্দিত যে, মাদার তেরেজা যিনি ছিলেন আর্তের মমতাময়ী মা, অসহায়দের সহায়, ক্ষুর্ধাতদের অন্নদাত্রী, অসুস্থ-পিড়ীতদের সেবাকারী এবং নিরাশ্রয়দের আশ্রয়দাত্রী তিনি সাধ্বী শ্রেণিভূক্ত হতে যাচ্ছেন। সারা জীবন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে নিজের ক্রুশ কাঁধে নিয়ে তিনি যীশু খ্রিস্টের তৃষ্ণা নিবারণের দায়িত্ব পালন করে গেছেন। সারা বিশ্বে মানবতার মহান নেত্রী মাদার তেরেজা। জীবনের সিংহভাগ সময় জুড়ে তিনি মানুষের মঙ্গলের জন্য, সেবার জন্য যা করেছেন তা আজ সারা পৃথিবীর সব দেশের মানুষই জানেন। তার একক প্রচেষ্টায় পৃথিবীর ১২৩ টি দেশে সব মিলিয়ে ৬১০ টি ভালোবাসার নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরী হয়েছে; অসংখ্য অসহায়, অসুস্থ, সম্বলহীন মানুষের অন্ন, বস্ত্র আর বাসস্থানের প্রয়োজন মেটাতে। তাই তো পৃথিবীর দেশে দেশে তার নাম ছড়িয়ে আছে ভালোবাসার অনন্য এক উদাহরণ হয়ে। তাঁর একক প্রচেষ্টায় যদি এত গুলো ভালোবাসার আশ্রয় কেন্দ্র তৈরি হতে পারে তাহলে আমরা সবাই মিলে যদি আর্তমানবতার উন্নয়নে এগিয়ে আসি তাহলে আরো কত কত ভালোবাসার আশ্রয় কেন্দ্র গড়ে উঠবে! ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা, তাঁর প্রতি ভক্তিপূর্ণ ভয় ও ভালোবাসার পুরষ্কার তিনি আজ পাচ্ছেন। এখন থেকে সারা পৃথিবীর মানুষ মাদার তেরেজাকে একজন আদর্শ সিস্টার বা মমতাময়ী মা নয় বরং চিনবেন একজন সাধ্বী হিসেবে। আলবেনিয়া ভাষায় তেরেজার ইংরেজি করলে দাঁড়ায়- ‘রোজ বাড’, বাংলায় হচ্ছে গোলাপ কুঁড়ি! তিনি তার কর্মের মধ্য দিয়ে নামের স্বার্থকতা ফুটিয়ে তুলেছিলেন। মানুষের কল্যাণই ছিল তার ব্রত। মাদার তেরেজার জীবনাদর্শ আমাদের শিখায় বর্তমান যুগে আমরাও পারি সাধু বা সাধ্বী হতে। এর জন্য কঠোর তন্ত্রমন্ত্র পাঠ করলে হয় না প্রয়োজন সমস্ত মন্দতাকে হৃদয় থেকে দূর করা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা-ক্ষমা, ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এবং নিজের ক্রুশ কাঁধে তুলে নিয়ে খ্রিস্টের অনুসারী হওয়া। মাদার তেরেজাও তাই করেছেন, যীশুকে ভালোবেসেছেন, অসুস্থ, নির্যাতিত, নিপিড়ীত, অবহেলিত, বঞ্চিত মানুষের মধ্যে খ্রিস্টকে খুঁজেছেন। নিজেকে উজাড় করে দিয়েছেন মানব কল্যাণে। এই জাগতিক জীবনের মোহ-মায়া যারা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যারা এই পৃথিবীতে জীবনযাপন করেছেন তারাই সাধু-সাধ্বী হয়েছেন। আমরা সাধারণ মানুষ যারা তারা সংসারের মোহ-মায়া কাটাতে পারি না। চোরাকাটার মত আষ্টেপৃষ্টে সংসার নামক মায়ার বাঁধন আমাদের জড়িয়ে রাখে। তবুও আমাদের সবার চেষ্টা করা উচিত। হয়তো সাধু বা সাধ্বী হতে পারবো না কিন্তু ঈশ্বরের রাজ্যের একজন অংশীদার যেন আমরা হতে পারি সেই অনুযায়ী জীবন যাপন করে। আর যে আর্দশকে আমরা সামনে রেখে চলতে পারি তিনি মাদার তেরেজা। সাধ্বী মাদার তেরেজা।