01/05/2025
পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী অদ্য ৩০ এপ্রিল ২০২৫ দক্ষিণ কোরিয়া থেকে আগত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে কোরিয়ান ইমিগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বোয়েসেল অফিসে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন শেষে আগত প্রতিনিধিদলের জন্য প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন, এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর পরিচালক, বাংলদেশে অবস্থিত কোরিয়া দূতাবাস এর কনস্যুলার, বোয়েসেলের প্রতিনিধি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব জনাব মো: সারওয়ার আলম (এক সময়ের র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট)।
মধ্যাহ্নভোজ শেষে উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব প্রতিনিধি দলকে জানান গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ নেতৃস্থানীয় ডিলিট ও রোস্টারভুক্ত-এর প্রতিনিধি দল (উৎপাদন, মৎস্য, নির্মাণ ও শিপবিল্ডিং) থেকে ডিলিটকৃতদের অটো রোস্টার, রোস্টার মাইগ্রেশন ও রোস্টারভুক্তদের মেধা তালিকার ভিত্তিতে চাকরি ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে দাবি সংক্রান্ত স্মারকলিপি ইমেইলে পাওয়া যায়। দুই সরকারের সমঝোতা চুক্তি অনুযায়ী প্রাপ্ত স্মারকলিপির যৌক্তিক বিষয়গুলো বিবেচনার জন্য প্রতিনিধি দলকে অনুরোধ করা হয়। প্রতিনিধি দল জানান উক্ত বিষয়গুলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিয়ে বোয়েসেলকে অবহিত করা হবে। প্রতিনিধি দল আরও জানান, ইপিএস এর যেকোন বিধি হালনাগাদ করতে হলে ইপিএসভূক্ত ১৬ টি দেশের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হয়।
এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর পরিচালক জানান গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ প্রেস ক্লাবের সামনে কতিপয় ইপিএস কর্মী মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করেন। যা দুই সরকারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের সাথে সাংঘর্ষিক এবং যার মাধ্যমে কোনো অবস্থায় ইপিএস-এর কল্যাণ সাধিত হবে না। উক্ত কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শ্রমবাজার হুমকির সম্মুখীন হবে বলে ব্যক্ত করেন।
বর্ণিতাবস্থায়, ইপিএস-এর কল্যাণের স্বার্থে ইপিএস কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।